প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদায়ী নৌবাহিনী প্রধানের দীর্ঘ কর্মজীবনের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীকে আরও শক্তিশালী ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দূরদর্শী নেতৃত্ব ও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জবাবে অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে বিদায়ী নৌবাহিনী প্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী।
অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন।
সুদীর্ঘ কর্মজীবনে তিনি নৌ সদর দপ্তরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেন।
এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ মোট চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে তিনি নৌবাহিনীর পেশাগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।

প্রথম দর্পণ,ডেস্ক