বগুড়ায় পরিকল্পিত নগর গড়তে নতুন আইন অনুমোদন, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, ০৯:২৭ রাত
  • ১৩৭৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বগুড়া ও আশপাশের এলাকাকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উত্থাপিত আইনটির মূল লক্ষ্য হলো বগুড়া অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে উন্নত নাগরিক জীবন গড়ে তোলা।

আইন অনুযায়ী, বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকাকে অন্তর্ভুক্ত করে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। এতে একজন চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।

নতুন কর্তৃপক্ষ গণশুনানি ও প্রাক-প্রকাশের মতো বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে মহাপরিকল্পনা থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের পরিকল্পনা প্রণয়ন করবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।

এছাড়া নদী-নালা, খাল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে। একই সঙ্গে অন্তত ৬০ শতাংশ জমির মালিকের সম্মতিতে ভূমি পুনর্বিন্যাস ও ভূমি পুনঃউন্নয়নের মতো আধুনিক পরিকল্পনা পদ্ধতি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অননুমোদিত নির্মাণ, জলাধার ভরাটসহ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের নিজস্ব তহবিল গঠন, উন্নয়ন ফি নির্ধারণ, ঋণ গ্রহণ এবং নিরীক্ষার ব্যবস্থাও আইনে সংযোজন করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আইনটির খসড়ায় মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad