মতিঝিল মেট্রো স্টেশনের ভেতরে আইইডি সদৃশ বিস্ফোরক; নিরাপদে নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, ০৯:৫১ সকাল
  • ১১৩৪৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ বিস্ফোরক উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা দ্রুত সেখানে পৌঁছে অভিযান চালায়। এ সময় অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পাশাপাশি আশপাশে আরও কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তাও তল্লাশি চালিয়ে দেখা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা স্টেশনের নিচে একটি ছাতা ফেলে রেখে যায়। পরে সেটি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো বোমা নাকি ককটেল—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, নিষ্ক্রিয় করা দুটি বিস্ফোরক সদৃশ বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ছাতা পড়ে থাকতে দেখি। ছাতার ভেতরে বোমা সদৃশ বস্তু ছিল। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে।”

তিনি আরও জানান, কে বা কারা ছাতাটি সেখানে রেখে গেছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) নিয়াজ মেহেদী বলেন, উদ্ধার হওয়া বিস্ফোরকটি আইইডি প্রকৃতির। সেটি নিরাপদে সরিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। সিটিটিসি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দ শোনা যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর প্রকৃতি এবং ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad