জুলাই বিপ্লব চলাকালে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা করে ১৯ জনকে আসামি করে এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ মামলার অভিযোগের ওপর রোববারই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলায় বর্তমানে সাতজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া।
জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত আসহাবুল ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা এ মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে মামলাটি বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এক ধাপে প্রবেশ করল।

প্রথম দর্পণ,ডেস্ক