যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে দেখতে চান তিনি। নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ না করলেও তার বিশ্বাস, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে কিংবা কোনো একসময় বাংলাদেশও ফুটবল বিশ্বকাপে অংশ নেবে।
রোববার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
এ সময় সরকারিভাবে বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে দেশবাসী ও ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
বাংলাদেশ কবে ফুটবল বিশ্বকাপে খেলবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি দেশের ফুটবলের জন্য বড় অনুপ্রেরণার বিষয়। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্যান্য দেশের সমর্থক হলেও একদিন নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে সমর্থন করার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন তারও।
প্রতিমন্ত্রী বলেন, তিনি কোনো নির্দিষ্ট বছর ঘোষণা করতে চান না। খেলোয়াড় থাকাকালে দেশের ফুটবলের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। এখন দায়িত্বে থেকে সেসব সমস্যার সমাধানে কাজ শুরু করেছেন এবং এর ইতিবাচক পরিবর্তন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ শূন্য থেকে নতুনভাবে পথচলা শুরু করেছে। দেশের বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর প্রত্যাশা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একদিন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা করে নেওয়া সম্ভব হবে। সেই লক্ষ্যেই কাজ চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ১০ বছর, ২০ বছর কিংবা তারও পরে—কোনো একসময় বাংলাদেশ অবশ্যই ফুটবল বিশ্বকাপে খেলবে। সেই স্বপ্ন তিনি দেশের মানুষের সঙ্গে ভাগ করে নেন।

প্রথম দর্পণ,ডেস্ক