দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রুটের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আশা প্রকাশ করেন, এবার ঢাকা-নারিতা রুটটি লাভজনক হবে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
মন্ত্রী বলেন, এই ফ্লাইট পুনরায় চালু করা সরকারের সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এই রুট চালুর ফলে দুই দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, এমপি বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীর যাতায়াত সহজ করতেই ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের যাত্রীচাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বিমান বহরে যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজ সংকটের মধ্যেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার করতে ঢাকা-নারিতা রুট চালু করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই ফ্লাইটই আবার সাধারণ যাত্রীদের জন্য চালু করা হলো।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এ রুটে সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ