বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু: আনোয়ারায় ৩৬ হাজার কর্মসংস্থানের নতুন দিগন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ দুপুর
  • ১৪৩১৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দেশের শিল্পায়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সরকারের প্রত্যাশা, এই বৃহৎ শিল্পাঞ্চল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈচিত্র্যময় শিল্পায়ন এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও গণচীন সরকারের (জি-টু-জি) যৌথ উদ্যোগে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর নীতিমালার আওতায় বাস্তবায়িত এ প্রকল্প দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, “আজ আনোয়ারার এই উর্বর মাটিতে সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা শুধু এক কোদাল মাটিই তুলছি না; বরং বাংলাদেশের শিল্প রূপান্তরের এক নতুন অধ্যায়ের সূচনা করছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

অর্থমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও সহজীকরণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এর অংশ হিসেবে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে অবকাঠামো এবং শিল্প স্থাপনে প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি জানান, বিনিয়োগকারীদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে সরকার শিগগিরই শতভাগ কার্যকর সিঙ্গেল উইন্ডো সার্ভিস চালু করবে। পাশাপাশি পুঁজিবাজার ও মূলধনী খাতে কৌশলগত বিদেশি বিনিয়োগ আকর্ষণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, শিল্পায়নের পাশাপাশি শ্রমিকদের আবাসন, উন্নত জীবনমান এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আনোয়ারা শিল্পাঞ্চলে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৭৭৬ একর (৩১৪.৩৯ হেক্টর) এলাকায় গড়ে ওঠা এ শিল্পাঞ্চলে ৩৬ হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের পাশাপাশি বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য ও পানীয় প্রক্রিয়াজাতকরণ এবং চামড়াজাত পণ্যের মতো উচ্চমূল্যের শিল্প স্থাপিত হবে, যা দেশের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করবে।

তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের দিক থেকেও সিইআইজেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কর্ণফুলী টানেল থেকে মাত্র ৭০০ মিটার, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কিলোমিটার এবং চট্টগ্রাম বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া জাতীয় মহাসড়ক এন-১-এর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় পণ্য পরিবহন হবে সহজ ও দ্রুত।

পরিবেশবান্ধব শিল্পায়নের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে আন্তর্জাতিক মানের সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) এবং পরিবেশসম্মত অবকাঠামো নির্মাণ করা হচ্ছে, যা টেকসই শিল্পায়নের দৃষ্টান্ত স্থাপন করবে।

বিনিয়োগকারীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিইআইজেডে সার্বিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন পরিবহন করিডোর এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। একই সঙ্গে বেজার ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস)-এর মাধ্যমে দ্রুত অনুমোদন, গ্যাস-বিদ্যুৎসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) ভাইস চেয়ারম্যান লি চাংগুই এবং বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং বেনকিয়ান। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad