আন্তর্জাতিক মানের চিড়িয়াখানা গড়তে বড় পরিকল্পনা, চট্টগ্রাম চিড়িয়াখানায় আসছে আধুনিক রূপ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৬, ১০:৫০ রাত
  • ১৯২৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চিড়িয়াখানাটি শুধু বিনোদনের স্থান হিসেবেই নয়, বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য বিষয়ে জনসচেতনতা তৈরির একটি আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্ম—বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা—যাতে দেশের বিভিন্ন প্রাণী, তাদের জীবনধারা, বৈশিষ্ট্য এবং পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে, সে লক্ষ্যেই চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে।

তিনি বলেন, আধুনিক চিড়িয়াখানার মূল উদ্দেশ্য কেবল প্রাণী প্রদর্শন নয়; বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর বিনোদনের সমন্বিত পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক অবকাঠামো নির্মাণ, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থীবান্ধব পরিবেশ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম চালু করা হবে।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, দেশের অন্যান্য চিড়িয়াখানাকেও পর্যায়ক্রমে আধুনিকায়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় এগুলোকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের চিড়িয়াখানাগুলোকে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা এবং প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাণীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, "চট্টগ্রাম চিড়িয়াখানাকে এমন একটি আকর্ষণীয় স্থানে পরিণত করতে চাই, যেখানে পরিবার নিয়ে মানুষ আনন্দঘন সময় কাটাতে পারবেন। একই সঙ্গে নতুন প্রজন্ম দেশের প্রাণীসম্পদ ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।"

চিড়িয়াখানা পরিদর্শনের সময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad