স্বল্প ব্যয়ে শিল্পবর্জ্য শোধনের নতুন প্রযুক্তি আনছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ দুপুর
  • ২০৪৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয়ের প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ব্যয়বহুল ইটিপির (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) বিকল্প হিসেবে কম খরচে কার্যকর বর্জ্য শোধন প্রযুক্তি চালুর বিষয়ে কাজ চলছে।

বুধবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে বৃত্তাকার নৌপথের পুনরুজ্জীবন এবং অভ্যন্তরীণ নৌবাণিজ্য সম্প্রসারণে খাল খনন কর্মসূচির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি স্থাপন না করায় রাসায়নিক বর্জ্য খাল ও নদীতে গিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ সমস্যা সমাধানে সরকার কার্যকর ও স্বল্প ব্যয়ের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের জন্য প্রচলিত ইটিপি স্থাপনের ব্যয় অত্যন্ত বেশি। উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০ কোটি টাকার একটি শিল্পপ্রতিষ্ঠানে যদি শুধু ইটিপি স্থাপনেই ১০ কোটি টাকা ব্যয় হয়, তাহলে সেই শিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাই কম ব্যয়ে কার্যকর বর্জ্য শোধন প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, সম্প্রতি চীন সফরের সময় এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে স্বল্প ব্যয়ে বর্জ্য শোধনের কয়েকটি প্রযুক্তিগত ধারণা তুলে ধরা হয়েছে, যা বেসরকারি পর্যায়ে ১০ থেকে ২০ লাখ টাকার মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। তবে প্রযুক্তিগুলোর কার্যকারিতা যাচাইয়ের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শুধু খাল খনন বা সংস্কারে বিপুল অর্থ ব্যয় করলেই হবে না; শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ করা না গেলে পরিবেশ রক্ষা সম্ভব নয়। এ কারণে সরকার ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় খাল পুনরুদ্ধার কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

মন্ত্রী আরও বলেন, ব্যবসা পরিচালনার দায়িত্ব উদ্যোক্তাদের হলেও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ অব্যাহত রাখা হবে।

তিনি জানান, আগামী সপ্তাহে পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এসব প্রকল্প বাস্তবায়নের আগে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রয়োজনীয় সমীক্ষা সম্পন্ন করা হবে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণে আগ্রহী। এ লক্ষ্যে নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের কারিগরি সহায়তা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সরকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad