আগামী এক বছরের মধ্যেই জুলাই হত্যা মামলার বিচার শেষের আশা: চিফ প্রসিকিউটর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৪ দুপুর
  • ২১০৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট হত্যা মামলাগুলোর বিচার আগামী এক বছরের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বিচারকাজে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে।

মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে তিনি দায়িত্ব গ্রহণের আগে তিনটি এবং পরে আরও তিনটি মামলার রায় হয়েছে।

তিনি বলেন, “এক থেকে দেড় বছরের মধ্যে ছয়টি মামলার বিচার শেষ করা অত্যন্ত দ্রুততার পরিচায়ক। তবে বিচার আরও তাড়াহুড়ো করে সম্পন্ন করা হলে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হতে পারে। তাই সম্পূর্ণ স্বচ্ছতা ও স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে তিনি জানান, চলতি মাসেই আরও প্রায় তিনটি মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। ওবায়দুল কাদেরের একটি মামলায় বর্তমানে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এছাড়া মাহবুব উল আলম হানিফের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে এবং যেকোনো সময় রায় ঘোষণা হতে পারে।

যাত্রাবাড়ীতে বহুল আলোচিত তাইম হত্যা মামলার প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম বলেন, “তাইমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার যুক্তিতর্কের শুনানি আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে।”

তিনি আরও জানান, জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ মামলাসহ আরও কয়েকটি মামলা বর্তমানে বিচারের চূড়ান্ত ধাপে রয়েছে।

সংবাদ সম্মেলনের শেষে চিফ প্রসিকিউটর পুনর্ব্যক্ত করেন, জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে সব বিচার শেষ করার লক্ষ্য নিয়ে ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad