২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার সামনে সংঘটিত ঘটনায় গণশুনানির মাধ্যমে প্রাথমিকভাবে ৮৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার দুপুর ২টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এ গণশুনানিতে যাত্রাবাড়ি এলাকার ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের স্বজনরা অংশ নেন। তারা ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
গণশুনানি শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে প্রায় ৮৫ জন নিহতের একটি তালিকা সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে এ তালিকায় আরও নাম যুক্ত হতে পারে।
তিনি জানান, যাত্রাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সব ঘটনাপ্রবাহ একটি সমন্বিত তদন্তের আওতায় আনা হবে। তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ন্যায়বিচার নিশ্চিত করাই ট্রাইব্যুনালের প্রধান লক্ষ্য এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, যাত্রাবাড়ি থানার সামনে নিহত তাইউম ভুঁইয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে।
সূত্র: বিবিসি

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স