জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্য ইতিবাচক কিছু দিতে পারবেন না। তার দাবি, তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নেই; ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের। তিনি আরও বলেন, ‘তারেক রহমানের পতন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। শেখ হাসিনার মতোই জনগণ তার বিচার করবে। এখানে কোনো আপস বা নেগোসিয়েশনের সুযোগ নেই। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য বাস্তবায়নের পথেই আমরা এগিয়ে যাব।’
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই আন্দোলনের সময় তারেক রহমান বাংলাদেশে ছিলেন না। তখন দেশের কৃষক, শ্রমিক, রিকশাচালক, গৃহিণী, আলেম ও ছাত্রসমাজ আন্দোলনে সক্রিয় ছিলেন। সেদিন রাজপথে তারেক রহমানের কোনো উপস্থিতি আমরা দেখিনি। এখন তিনি দেশে এসে সবকিছু না বুঝেই সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। আমরা স্পষ্টভাবে বলেছি, ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেদিন সকাল থেকেই সারাদেশ কার্যত অচল হয়ে পড়েছিল এবং বিভিন্ন স্থানে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বলয় ছিল। তিনি ও নাহিদ একটি বাসায় অবস্থান করছিলেন এবং বাইরে বের হলে গুলি করা হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। পরিস্থিতি জানতে নিচে একজন শিক্ষককে পাঠানো হলে তিনি ফিরে এসে জানান, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও দাবি করেন, সেদিন সকালে শহীদ মিনার এলাকায় অবস্থান নেওয়া অনেক আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। তবে ওই পরিস্থিতিতেও সাধারণ মানুষ সব বাধা অতিক্রম করে রাজপথে নেমে আসেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, ওই সময় শেখ হাসিনাকে ‘পাঁচ মিনিটের সময়’ দেওয়া হয়েছিল—হয় বাংলাদেশে থেকে পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য, নয়তো দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার জন্য।

প্রথম দর্পণ,ডেস্ক