রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর দেশে ফিরলেন বিমানের ২৫৯ যাত্রী

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৯ আগস্ট ২০২৬, ০৪:২৮ দুপুর
  • ৯৬২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোমে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের পর যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। পরে নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। শুক্রবার ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যাত্রাবিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। দীর্ঘ সময় চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি বাতিল করা হয়। পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়।

উড়োজাহাজটি সচল করতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে বিমানের প্রকৌশলী দল শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে রোমে পৌঁছায়। পরে প্রকৌশলীরা মেরামতকাজ সম্পন্ন করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করেন।

এদিকে দীর্ঘ সময় রোমে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়ার অভিযোগ করেন যাত্রীরা। ইতালির ভিসা না থাকায় অনেক বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দরের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে তাদের দীর্ঘ সময় বিমানবন্দরের ভেতরেই অবস্থান করতে হয়।

যাত্রীদের অভিযোগ, কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর দীর্ঘ সময় তাদের উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করতে হয়েছে। পরে লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজন যাত্রীকে চেয়ার ও মেঝেতে রাত কাটাতে হয়েছে। খাবার পেতে বিলম্ব এবং প্রয়োজনীয় ওষুধ সময়মতো না পাওয়ার অভিযোগও করেন কয়েকজন যাত্রী।

তবে দীর্ঘ অপেক্ষা, ভোগান্তি ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রোববার দুপুরে নিরাপদে দেশে ফিরেছেন রোমে আটকে পড়া বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad