দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৪ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৯৭২ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।
এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৭৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে চলতি বছরে মৃতের সংখ্যা ৮৯৪ জনে পৌঁছেছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে দেশে হামের পরিস্থিতি নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রথম দর্পণ,ডেস্ক