লোডশেডিংয়ে জনরোষ, ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৬, ১০:৪৩ রাত
  • ৬৫৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে বেড়েছে লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনরোষ বাড়ছে। এ অবস্থায় হামলা ও ভাঙচুরের আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ও উপকেন্দ্রের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। এর প্রভাবে সারা দেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। কোথাও কোথাও বিদ্যুৎ উপকেন্দ্র ও অফিসে হামলার ঘটনাও ঘটছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে মোট বিদ্যুৎ গ্রাহক প্রায় ৫ কোটি ২০ লাখ। এর মধ্যে প্রায় ৪ কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ সেবা দিয়ে থাকে, যা মোট গ্রাহকের প্রায় ৮০ শতাংশ। উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০ শতাংশও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় সরবরাহ করা হয়।

তবে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে না। উৎপাদিত বিদ্যুতের বরাদ্দ অনুযায়ী চাহিদার বিপরীতে গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করে থাকে তারা।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত কয়েক দিনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গড় বিদ্যুৎ চাহিদা ছিল প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। বিপরীতে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে কোনো কোনো এলাকায় প্রতিদিন গড়ে ৮, ১০ এমনকি ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে কোথাও কোথাও পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে উপকেন্দ্র ও অফিসে দায়িত্ব পালনকারী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড উপকেন্দ্র ও অফিসের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিতে পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

চিঠিতে এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad