রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের মানতে হবে ইসির ৯ নির্দেশনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০১:২৮ দুপুর
  • ১০৭০৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাষ্ট্রপতি নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। ভোটগ্রহণ সুষ্ঠু ও নির্ধারিত নিয়মে সম্পন্ন করতে সংসদ সদস্যদের জন্য নয়টি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালট সংগ্রহ থেকে শুরু করে ভোট প্রদান ও ব্যালট বাক্সে জমা দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৯১ সালের পর এবারই প্রথম ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ইসির ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি ও করণীয় বিস্তারিত তুলে ধরা হয়েছে।

সংসদে প্রবেশ ও ব্যালট সংগ্রহ

ইসির নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সংসদে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। এরপর ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

যেভাবে ভোট দিতে হবে

ব্যালট পেপারের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে থাকা নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তাকে দেখাতে হবে। এরপর নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ ছাড়া ভোটগ্রহণের সময় সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনি প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না। ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের সহায়তা নিতে হবে।

ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে স্বাক্ষর না করে পূর্ণ নাম লিখতে হবে—এ নির্দেশনাও দিয়েছে ইসি।

ভোট শেষে হবে গণনা

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। প্রথমে কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—তার হিসাব করা হবে।

এরপর প্রার্থীদের পাওয়া বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করবে।

যেভাবে শুরু হয় এবারের নির্বাচন

এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ১৩ আগস্ট বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ মনোনয়নপত্র জমা দেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় আজ জাতীয় সংসদের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad