মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও কমে আসছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল। এরই মধ্যে টার্মিনালটির মেরামত সম্পন্ন হয়েছে। পাশাপাশি এলএনজিবাহী কার্গোও দেশে পৌঁছেছে। ফলে গ্যাস সরবরাহের চাপ বাড়তে শুরু করেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
রিজভী আরও বলেন, বর্তমানে যে জ্বালানি সংকট চলছে, এর জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে আন্তর্জাতিক পরিস্থিতিতে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটিও সংকটকে আরও বাড়িয়ে দিয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির সঙ্গে বিদ্যুৎ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ছে। ফলে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংও আগের তুলনায় কমে আসছে।
এদিকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, যেসব কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেগুলো ভেঙে নতুন কমিটি গঠন করা হবে। এসব সংগঠনে নতুন নেতৃত্ব আনার প্রক্রিয়া চলমান থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক