রংপুরে একই পরিবারের চারজন নিহত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৬, ০২:১৩ দুপুর
  • ৭৮৪২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রংপুর নগরীতে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

একটি পরিবারের চার সদস্যকে এভাবে হত্যার ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও লোমহর্ষক উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি করে হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি করে হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।

জামায়াত আমিরের মতে, এসব ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র স্পষ্ট হয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

রংপুরের হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে একের পর এক অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা যথাযথ বিচার না পাওয়ায় এবং বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা থাকায় জনগণের মধ্যে হতাশা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন জামায়াত আমির।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad