স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, বিএনপিকে অনেক সময় ‘ক্যান্টনমেন্টের দল’ হিসেবে আখ্যায়িত করা হয়। অথচ আওয়ামী লীগই গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়।
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের একটি সাংবিধানিক পদ্ধতি রয়েছে। তাই তিনি নিজের ইচ্ছামতো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন না।
তিনি আরও বলেন, ‘আমি আজকে যদি বলে দিই যে অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না।’ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
সূত্র: আমার দেশ অনলাইন

প্রথম দর্পণ,ডেস্ক