বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজ থেকে অপতথ্য প্রচারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে এসব পেজ ও আইডির প্রচারণায় বিভ্রান্ত না হতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার রাতে মহিলা জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদে এ আহ্বান জানান নাজমুন নাহার নীলু এমপি।
প্রতিবাদে তিনি বলেন, গত ২১ আগস্ট ‘মহিলা জামাত প্রচার বিভাগ’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নামে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়। ওই ফটোকার্ডে দাবি করা হয়, নির্বাচনি ব্যয় কমাতে ঠাকুরগাঁও-১ আসনে কোনো উপনির্বাচন হবে না এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতের প্রার্থীকে ওই আসনের সংসদ সদস্য হিসেবে গণ্য করা হবে।
নাজমুন নাহার নীলু বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নাম ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক পেজ থেকে জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারণার সঙ্গে মহিলা জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, মহিলা বিভাগের কর্মকাণ্ডকে বিতর্কিত করার উদ্দেশ্যে যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তাদের কর্মকাণ্ডের নিন্দা জানানো হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
মহিলা জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, সংগঠনটির সব ধরনের প্রচারণা কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়। এসব অফিশিয়াল পেজ ও আইডির বাইরে থাকা কোনো পেজ বা আইডির পোস্টকে মহিলা জামায়াতের বক্তব্য বা প্রচারণা হিসেবে বিবেচনা না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক