শনিবার দুপুরে বাউফল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি হাফেজ জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরে তার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জনের মাধ্যমে হাফেজ জাকারিয়া শুধু তার পরিবার বা বাউফলের নয়, পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তার এই অর্জন বাউফলবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
তিনি বলেন, বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাউফলের সন্তান হাফেজ জাকারিয়ার এমন সাফল্য প্রমাণ করে, সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বাংলাদেশের মেধাবী সন্তানেরা বিশ্বমঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারেন। তার এই অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থী ও হাফেজদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এমপি মাসুদ আরও বলেন, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার মাধ্যমে তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করতে হবে।
তিনি বলেন, হাফেজ জাকারিয়ার মতো কৃতী সন্তানদের অর্জন যথাযথভাবে মূল্যায়ন ও উৎসাহিত করা হলে দেশের অন্যান্য মেধাবী শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে আরও উৎসাহিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ জাকারিয়ার পরিবারের সদস্য, স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক