অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগকে ‘রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং’ হিসেবে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ আসলে কী এবং তাদের রাজনৈতিক চরিত্র কী—তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই তা বারবার প্রকাশ পেয়েছে। যাদের কর্মকাণ্ডে জনস্বার্থের কোনো প্রতিফলন নেই এবং ন্যূনতম রাজনৈতিক বোধও নেই, তাদের এ দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ থাকা উচিত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, একটি ‘মাফিয়া গ্যাংয়ের’ হামলার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথেই ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময় বাঁধনের সাহসী ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। তার ভাষায়, ওই ভূমিকা বাঁধনের জন্য এক ধরনের অর্জন ও সম্মান।
তিনি জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সরকার কোনোভাবেই বিষয়টি উপেক্ষা করবে না বলেও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে হামলা বা হুমকির বিষয়ে সতর্ক করে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার মতো একজন শাসককে যেখানে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে, সেখানে তার অনুসারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, ‘মাস্তানি করে পার পাওয়ার দিন শেষ।’ সরকার এ ধরনের অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা।

প্রথম দর্পণ,ডেস্ক