৮৭ বছরের রেকর্ড ভেঙে আল নাসরের নতুন ইতিহাস

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ দুপুর
  • ১০৬৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সৌদি আরবের ক্লাব আল নাসর ঘরোয়া লিগে টানা গোল করার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর দলটি টানা ৯৪টি লিগ ম্যাচে অন্তত একটি করে গোল করে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের ৮৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।

রেকর্ডটি ভাঙতে আল নাসরের সময় লেগেছে প্রায় তিন বছর। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয় তাদের টানা গোলের যাত্রা। এরপর সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই গোল পেয়েছে দলটি।

গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর করা গোলে আল নাসর রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ডে ভাগ বসায়। এরপর আল খালিজের বিপক্ষে পরের ম্যাচেই আসে নতুন ইতিহাস। ওই ম্যাচে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই টানা ৯৪ লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়ে দলটি।

রিভার প্লেট ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করেছিল। ক্লাবটির সেই বিখ্যাত দল ‘লা মাকিনা’র হয়ে খেলেছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলার। ৯৩ ম্যাচে রিভার প্লেটের গোলসংখ্যা ছিল ৩০১।

দীর্ঘ ৮৭ বছর পর সেই রেকর্ডে ছেদ টানল আল নাসর। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই আল নাসরের আক্রমণভাগের অন্যতম প্রধান শক্তি তিনি। রেকর্ড স্পর্শের ম্যাচেও আবহার বিপক্ষে গোল করে নতুন ইতিহাসের পথ তৈরি করেছিলেন রোনালদো।

তবে রিভার প্লেটের আরও একটি রেকর্ড এখনো অক্ষত রয়েছে। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করার কীর্তি রয়েছে আর্জেন্টাইন ক্লাবটির। এর মধ্যে ৯৩টি লিগ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ ছিল।

ফলে ঘরোয়া লিগে রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ড ভাঙলেও সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে তাদের ৯৬ ম্যাচের রেকর্ড এখনো অক্ষত।

তথ্যসূত্র: যায়যায়দিন অনলাইন, ১৫ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad