জবির বাসে ‘আগে এলে আগে আসন’, র‍্যাগিংয়ে বহিষ্কারের হুঁশিয়ারি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ দুপুর
  • ১৯৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সেবায় সিট দখল, নবীন শিক্ষার্থীদের আসনে বসতে বাধা এবং র‍্যাগিং বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাসে আগে এসে আগে আসন পাওয়ার নীতি কার্যকর করার পাশাপাশি কোনো শিক্ষার্থীকে হেনস্তা বা বৈষম্যের শিকার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারিক বিন আতিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘একতারা’ ও ‘বিজয়’ বাস এবং বিআরটিসি থেকে ভাড়া করা বাসে আসনের ওপর খাবার, কলম, ব্যাগ, পানির বোতল বা অন্য কোনো ব্যক্তিগত সামগ্রী রেখে আগে থেকে সিট দখল করা যাবে না। একইভাবে জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের আসনে বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করাও নিষিদ্ধ।

এসব ঘটনায় কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারিক বিন আতিক বলেন, সিটে ব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন জিনিস রেখে আগেভাগে আসন দখলের অভিযোগ প্রশাসনের কাছে এসেছে। এ ধরনের আচরণ অসহযোগিতামূলক। তাই বাসে আগে আসার ভিত্তিতে আসন পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে সিনিয়র-জুনিয়র কোনো বৈষম্য থাকবে না এবং সবাই সমান সুযোগ পাবেন।

র‍্যাগিংয়ে কঠোর ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও হেনস্তা না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনায় কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক।

তিনি বলেন, কোনো ধরনের র‍্যাগিং বা নবীন শিক্ষার্থীকে হেনস্তা করা যাবে না। এরপরও কেউ সমস্যা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, এমনকি বহিষ্কারের ব্যবস্থাও নেওয়া হবে।

ধূমপান-মাদক নিষিদ্ধ

বাসের ভেতরে ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবনও নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সরকারি আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময় চালক ও হেলপারদের বাসে কোনো অবৈধ সিট দখল বা বিশৃঙ্খলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসনের বিজ্ঞপ্তি ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারিক বিন আতিকের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad