দুর্গম উপকূল-চরে চিকিৎসা দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ রাত
  • ৪৯৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ হাসপাতাল পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণের পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্য পরিকল্পনার অন্যতম লক্ষ্য পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্য তরী’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, ভাসমান হাসপাতালটির মাধ্যমে দক্ষিণাঞ্চলের অন্তত চার থেকে পাঁচটি জেলার ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় জটিল ও সাধারণভাবে দেখা দেওয়া বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা এবং অস্ত্রোপচারের ব্যবস্থা করা সম্ভব হবে।

ড. মুহিত বলেন, সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অতীতে বেসরকারি উদ্যোগে ছোট পরিসরে ভাসমান হাসপাতালের কার্যক্রমের নজির রয়েছে। এবার নৌ-পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিদ্যমান সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার সমন্বয়ে একটি নৌভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, গ্রাম ও দুর্গম এলাকায় নারীদের স্বাস্থ্যসেবা, মিডওয়াইফের মাধ্যমে নিরাপদ প্রসব ও প্রসব-পরবর্তী যত্ন, শিশুস্বাস্থ্য, সাধারণ অর্থোপেডিক ও হাড়ের অস্ত্রোপচার এবং চোখের ছানি অপারেশনের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন করে ভাসমান হাসপাতালের মাধ্যমে এসব সেবা দেওয়া হবে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, বরিশাল, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও বরগুনার দুর্গম চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিকল্প ব্যবস্থায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিনের। যেসব মানুষ চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল কিংবা ঢাকায় যেতে পারেন না, তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীসহ বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad