ঢাকা-রংপুর লংমার্চে সহযোগিতায় দেশবাসীকে জামায়াতের কৃতজ্ঞতা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ দুপুর
  • ৩৫৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর অভিমুখী লংমার্চ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার লংমার্চ শেষ হওয়ার পর রোববার এক বিবৃতিতে এ কৃতজ্ঞতা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এ কর্মসূচি সফল করতে পথে পথে হাজার হাজার নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রখর রোদ উপেক্ষা করে সড়কের দুই পাশে দাঁড়িয়ে লংমার্চের কাফেলাকে অভিবাদন জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং পথে পথে সহযোগিতা ও সংহতি জানিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সহযোগিতাকারীদের ধন্যবাদ

লংমার্চে অংশ নেওয়া ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থক, বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, স্থানীয় জনগণ, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, যানবাহনের চালক ও মালিক, পরিবহন শ্রমিক, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিভিল ও জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান জামায়াতের এই নেতা।

লংমার্চের সংবাদ সংগ্রহ ও প্রচারে দায়িত্ব পালনকারী প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ক্যামেরাপার্সন এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ পথের এ কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হয়ে থাকলে তারা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের স্বার্থসংশ্লিষ্ট দাবিতে আয়োজিত কর্মসূচিতে যারা ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জনগণের অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে ১১ দলীয় ঐক্যের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সহযোগিতাকারীদের জন্য উত্তম প্রতিদান কামনা করেন মিয়া গোলাম পরওয়ার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad