‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ দুপুর
  • ২২১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক রিকশাচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, আটক রিকশাচালকের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। তবে তার সঙ্গে ছাত্রলীগের কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি নিজেকে বরগুনার বাসিন্দা এবং মনির নামে পরিচয় দিয়েছেন।

ঘটনাস্থলে থাকা জবি ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে তারা আগের দিন থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। রোববার দুপুরে ওই রিকশাচালককে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আটকের পর তাকে মারধর করা হয়ে থাকতে পারে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, চিকিৎসা শেষে সুস্থ হলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তদন্তের পর জানা যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad