বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি- নির্বাচন দাবি অভিভাবকদের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ দুপুর
  • ৩২৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে শিক্ষার্থীদের স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

বিবৃতিতে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির সরকার প্রায় আট মাস ধরে দেশ পরিচালনা করছে। এর আগে অন্তর্বর্তী সরকার প্রায় ১৮ মাস দায়িত্ব পালন করেছে। তবে কোনো সরকারই এখন পর্যন্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সরাসরি নির্বাচনের আয়োজন করেনি।

‘এডহক কমিটিতে জবাবদিহির ঘাটতি’

জিয়াউল কবির দুলু বলেন, দীর্ঘদিন ধরে এডহক কমিটির মাধ্যমে অধিকাংশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আগের সরকারের সময়ের মতো অনিয়ম ও দুর্নীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি।

তাঁর অভিযোগ, কিছু প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম ও লুটপাটের পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশও নেই। এতে শিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

দ্রুত নির্বাচন আয়োজনের দাবি

বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচনের পর সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়েছে। অথচ বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। এরপরও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে নির্বাচন আয়োজন নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বলেন, বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ রয়েছে। এ পরিবেশ বজায় থাকতেই দ্রুত নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

তিনি দেশের সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষার্থী ভর্তি শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা দেওয়ার দাবি জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad