হাসপাতালে অভিনেতা রিফাত চৌধুরী, চিকিৎসা ব্যয় নিয়ে উদ্বিগ্ন পরিবার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ দুপুর
  • ৩০৯০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আশির দশকের কবি ও বাংলা নাটকের একসময়ের জনপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসার ব্যয় বহন নিয়ে উদ্বিগ্ন পরিবার। এ অবস্থায় চিকিৎসা চালিয়ে যেতে সহকর্মী, বন্ধু, শিল্পী, সাহিত্যাঙ্গনের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেছে পরিবার।

‘জাতীয় কাকা’ চরিত্রে ব্যাপক পরিচিতি

রিফাত চৌধুরীর অভিনয়জীবনের শুরু নূরুল আলম আতিক পরিচালিত ‘বিজন মানুষ’ নাটকের মধ্য দিয়ে। তবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘সিক্সটি নাইন’ তার অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ বাঁক হয়ে আসে। এ নাটকে ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

পরবর্তী সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেন রিফাত চৌধুরী। ‘মেহেরজান’ সিনেমাতেও তাকে দেখা গেছে।

দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’।

কবি হিসেবেও পরিচিতি

অভিনয়ের পাশাপাশি কবি হিসেবেও রিফাত চৌধুরীর পরিচিতি রয়েছে। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’। এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে—‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত’, ‘সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’ এবং ‘আমি একজন ভৌগোলিক’।

তথ্যসূত্র: যুগান্তর, ২২ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad