২৮ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ দুপুর
  • ৪৪৩৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির ২৮ বছর পর নতুন প্রজন্মের জন্য নতুন আঙ্গিকে ফিরছে। মূল সিনেমার গল্প অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। আগামী ২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।

‘আবার হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ আরিয়ান ও রাদিফা। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’তে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াংকা ত্রিবেদী। নতুন দুই মুখের অভিনয় ও জুটি তখন দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল। এবার সেই দুই চরিত্রেই নতুন করে দেখা যাবে আরিয়ান ও রাদিফাকে।

পুরোনো গানের নতুন আয়োজন

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল এর গান। সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুর করা ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’র মতো গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।

পুরোনো সিনেমার আবহ ধরে রাখতে ছয়টি কালজয়ী গানের মধ্য থেকে তিনটি গান নতুন করে তৈরি করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। পাশাপাশি বর্তমান প্রজন্মের শ্রোতাদের পছন্দ বিবেচনায় যুক্ত করা হয়েছে দুটি নতুন গান।

থাকছেন একঝাঁক অভিনয়শিল্পী

নতুন জুটি আরিয়ান-রাদিফার পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

নির্মাতার প্রত্যাশা, পুরোনো সিনেমার আবেগ ও স্মৃতিকে অক্ষুণ্ন রেখে নতুন নির্মাণশৈলী এবং নতুন মুখের মাধ্যমে ‘আবার হঠাৎ বৃষ্টি’ নতুন প্রজন্মের দর্শকদের কাছেও গ্রহণযোগ্যতা পাবে।

তথ্যসূত্র: যুগান্তর, বিনোদন ডেস্ক; প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad