রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলা, জড়িতদের শাস্তি দাবি এনসিপির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ দুপুর
  • ৫২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।

সোমবার (৫ অক্টোবর) এনসিপির মিডিয়া সেলের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার বিবরণ তুলে ধরে বলা হয়, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন।

এনসিপির দাবি, ফেসবুক পোস্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে অবস্থান নেন। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

হামলায় আহত সাংবাদিকরা হলেন—দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারীরা সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো হুমকি দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মীর সরাসরি অংশ নেওয়ার কথা বলা হয়েছে।

এনসিপি বলেছে, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি ও জ্ঞানচর্চার কেন্দ্র। সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের সশস্ত্র কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও এড়াতে পারে না।

দলটির মিডিয়া সেল হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে দলীয় ও রাষ্ট্রীয় আইনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি দেশের সব ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad