ডলার ও বন্ডের সুদহারে চাপ, বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৮ দুপুর
  • ২৩৩৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
শক্তিশালী মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ সুদহারের চাপে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে ৪ হাজার ১২৭ দশমিক ৮৭ ডলারে নেমেছে। তবে চলতি অক্টোবরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসায় দামপতন তুলনামূলক সীমিত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত স্পট স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম সামান্য পরিবর্তিত হয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৫ দশমিক ৩০ ডলারে অবস্থান করছিল।

ডলার ও বন্ডের সুদে চাপ

বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রায় লেনদেনকারী ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণের দাম তুলনামূলক বেড়ে যায়। এতে ধাতুটির চাহিদায় চাপ তৈরি হয়।

এর পাশাপাশি সোমবার যুক্তরাষ্ট্রের ১০ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বন্ডের সুদ বাড়ায় স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কিছুটা কমে আসে।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, দীর্ঘমেয়াদে স্বর্ণবাজারের মৌলিক ভিত্তি এখনো শক্তিশালী। তাঁর মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি স্বর্ণের দামের পরবর্তী বড় প্রভাবক হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশায় বড় পরিবর্তন এলে স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে।

ফেডের সুদ নিয়ে বাজারের হিসাব

গত শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার তুলনায় বেশি কমেছে। একই সঙ্গে আগের দুই মাসের নন-ফার্ম পেরোলের হিসাবও কমিয়ে সংশোধন করা হয়েছে। এতে চলতি অক্টোবরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশা কমেছে।

তবে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ফেডের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনো ৮৭ শতাংশ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কমেছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। মঙ্গলবার স্পট রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৬৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দামও ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭০৯ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্যালাডিয়ামের দামও ০.৭ শতাংশ কমেছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad