নিখোঁজের পরদিন হলুদ খেতে মিলল অগ্নিদগ্ধ ব্যবসায়ীর লাশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ দুপুর
  • ৩৪৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পাবনার আমিনপুরে নিখোঁজ হওয়ার একদিন পর সুপ্রভাত মদক (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি হলুদ ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের পরিচিত ‘দাদাভাই হোটেল’-এর ব্যবসায়ী ছিলেন।

হঠাৎ নিখোঁজ, থানায় জিডি

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্বজনদের কিছু না জানিয়েই বের হয়ে যান সুপ্রভাত। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা।

নিখোঁজের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। সোমবার রাত ১২টার দিকে ফোনটি সাময়িকভাবে চালু পাওয়া যায়। এ সময় একাধিকবার ফোন করা হলেও সুপ্রভাত তা ধরেননি। পরে ওই নম্বর থেকে উল্টো কল এলেও পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে পারেনি।

হলুদ খেতে মিলল মরদেহ

মঙ্গলবার সকালে বসতবাড়ির পেছনের একটি হলুদ ক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুনে ঝলসানো ও পোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে স্বজন ও স্থানীয়রা মরদেহটি সুপ্রভাত মদকের বলে শনাক্ত করেন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে ইলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো শরীর আগুনে পোড়া ও ঝলসানো অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঘটনার কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad