দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে রায়গঞ্জ প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা সিদ্ধান্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ দুপুর
  • ৪০০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার সময় প্রশাসনিক সহযোগিতা জোরদার করার বিষয়ে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকার, সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ ও সহসভাপতি সঞ্জয় চন্দ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি পূজামণ্ডপ কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সংশ্লিষ্টরা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা করবে।

সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad