ঘুস নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ রাত
  • ৩৮১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক ভূমি অফিসের কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুস নেওয়ার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

রোববার রাতে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক ব্যবস্থা

অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে দেখা যায় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়কের সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের কোনো আইনগত ভিত্তি নেই। সরকারি দায়িত্ব পালনকালে এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতিপরায়ণতার শামিল।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই বিধিমালার ১২(১) বিধি অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ গত ১১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

বিভাগীয় মামলা করার উদ্যোগ

শুভ চন্দ্র বর্মণের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার লক্ষ্যে অভিযোগ বিবরণী প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে পাঠাতে হাজীগঞ্জের সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, নিয়মিত ঝটিকা অভিযান ও নজরদারি জোরদারের পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করতে প্রতিটি ভূমি অফিসে কঠোর বার্তা পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad