ফোনে বারবার বিজ্ঞাপন আসছে? বিরক্তি কমাতে অনুসরণ করুন ৫টি কার্যকর উপায়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ রাত
  • ২৬৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কাজের সময় হঠাৎ ফুল-স্ক্রিন বিজ্ঞাপন ভেসে ওঠা, নিজে থেকেই অচেনা ওয়েবসাইট খুলে যাওয়া কিংবা ঘন ঘন প্রচারণামূলক নোটিফিকেশন আসা বেশ বিরক্তিকর। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অনেকেই এ ধরনের সমস্যায় পড়েন। এতে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।

সাধারণত সন্দেহজনক অ্যাপ, ব্রাউজারের নোটিফিকেশন অনুমতি, থার্ড-পার্টি লঞ্চার কিংবা অ্যাডওয়্যারের কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে ফোনে বিজ্ঞাপন আসা মানেই সেটি ভাইরাসে আক্রান্ত, এমন নয়। বিজ্ঞাপনের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে অনেক ক্ষেত্রেই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

জেনে নেওয়া যাক ফোনে অযাচিত বিজ্ঞাপন কমানোর পাঁচটি কার্যকর উপায়।

১. সন্দেহজনক অ্যাপ আনইনস্টল করুন

নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর থেকে ফোনে বিজ্ঞাপন বেড়ে গেলে সেটিকে সন্দেহের তালিকায় রাখুন। বিশেষ করে অপরিচিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপ, ক্লিনার, লঞ্চার কিংবা বিনা মূল্যের বিভিন্ন টুল ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন।

ফোনের সেটিংসে গিয়ে ইনস্টল করা অ্যাপের তালিকা পরীক্ষা করুন। সম্প্রতি যুক্ত হওয়া কোনো অপ্রয়োজনীয় বা সন্দেহজনক অ্যাপ পাওয়া গেলে সেটি আনইনস্টল করুন। এরপর ফোন রিস্টার্ট করে দেখুন বিজ্ঞাপন আসার সমস্যা কমেছে কি না।

২. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন

অনেক অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন অফার ও প্রচারণামূলক বার্তা পাঠায়। আবার ব্রাউজারে কোনো ওয়েবসাইটকে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিলেও বারবার বিজ্ঞাপন আসতে পারে।

এ ধরনের নোটিফিকেশন এলে সেটির ওপর কিছুক্ষণ চেপে ধরে কোন অ্যাপ থেকে বার্তাটি এসেছে, তা শনাক্ত করুন। এরপর প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন। ব্রাউজারের মাধ্যমে বিজ্ঞাপন এলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের নোটিফিকেশন অনুমতিও বাতিল করুন।

৩. হোম স্ক্রিনে বিজ্ঞাপন এলে লঞ্চার পরীক্ষা করুন

ফোনের হোম স্ক্রিনে বারবার বিজ্ঞাপন দেখা গেলে থার্ড-পার্টি লঞ্চার কিংবা সম্প্রতি ইনস্টল করা কোনো অ্যাপ এর কারণ হতে পারে। কিছু অ্যাপ হোম স্ক্রিনে বা অন্য অ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপন প্রদর্শন করে।

সমস্যার উৎস হিসেবে কোনো অ্যাপকে সন্দেহ হলে সেটি সরিয়ে ফোনের নিজস্ব লঞ্চার ব্যবহার করে দেখুন। পাশাপাশি, কোন কোন অ্যাপ অন্য অ্যাপের ওপর ভেসে থাকার অনুমতি পেয়েছে, তা পরীক্ষা করুন। সন্দেহজনক অ্যাপের এমন অনুমতি থাকলে প্রয়োজন অনুযায়ী বন্ধ করে দিন।

৪. ব্রাউজারের পপ-আপ ও ওয়েবসাইটের অনুমতি নিয়ন্ত্রণ করুন

ইন্টারনেট ব্যবহারের সময় নিজে থেকেই নতুন ট্যাব খুলে যাওয়া, অচেনা ওয়েবসাইটে চলে যাওয়া কিংবা বারবার বিজ্ঞাপন আসার ঘটনা ঘটলে ব্রাউজারের সেটিংস পরীক্ষা করা জরুরি।

গুগল ক্রোমের মতো ব্রাউজারে পপ-আপ ও রিডাইরেক্ট বন্ধ রাখুন। পাশাপাশি, কোন কোন ওয়েবসাইটকে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিয়েছেন, তা পর্যালোচনা করুন। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটের অনুমতি বাতিল করে দিন।

প্রয়োজনে ব্রাউজারের ক্যাশ ও অন্যান্য ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারেন। তবে এতে কিছু ওয়েবসাইট থেকে লগআউট হয়ে যেতে পারেন এবং নির্দিষ্ট কিছু সংরক্ষিত সেটিংস হারাতে পারেন।

৫. প্লে প্রটেক্ট দিয়ে ক্ষতিকর অ্যাপ পরীক্ষা করুন

ফোনে ক্ষতিকর অ্যাপ থাকার আশঙ্কা হলে গুগল প্লে স্টোরের ‘প্লে প্রটেক্ট’ সুবিধা ব্যবহার করে স্ক্যান চালাতে পারেন। এটি অ্যাপ পরীক্ষা করে সম্ভাব্য ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করতে সহায়তা করে।

এ ছাড়া ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট রাখুন। অপরিচিত ওয়েবসাইট থেকে এপিকে (APK) ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলুন। কোনো অ্যাপ তার কাজের সঙ্গে সম্পর্কহীন অতিরিক্ত অনুমতি চাইলে সেটি দেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন।

নিরাপত্তায় আরও যেসব বিষয়ে সতর্ক থাকবেন

ফোনে বিজ্ঞাপন দেখালেই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা ঠিক নয়। অনেক বিনা মূল্যের অ্যাপ আয়ের জন্য স্বাভাবিকভাবেই বিজ্ঞাপন দেখায়। তবে কোনো অ্যাপ ব্যবহার না করলেও ঘন ঘন ফুল-স্ক্রিন বিজ্ঞাপন আসা, ফোন নিজে থেকে অচেনা ওয়েবসাইট খুলে ফেলা কিংবা অস্বাভাবিক আচরণ করার বিষয়গুলো অবহেলা করা উচিত নয়।

বিজ্ঞাপনে দেখানো পুরস্কার, লটারি কিংবা ফোনে ভাইরাস থাকার ভুয়া সতর্কবার্তায় বিভ্রান্ত হবেন না। অপরিচিত লিংকে প্রবেশ করে পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য বা এককালীন পাসওয়ার্ড (ওটিপি) দেওয়াও বিপজ্জনক হতে পারে।

তাই প্রথমে বিজ্ঞাপনের উৎস শনাক্ত করুন। এরপর সন্দেহজনক অ্যাপ সরিয়ে ফেলা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা, ব্রাউজারের অনুমতি নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর অ্যাপ পরীক্ষা করার মতো পদক্ষেপ নিন। এসব ব্যবস্থা অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন কমাতে এবং ফোনের নিরাপত্তা বাড়াতে সহায়তা করতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad