এদিকে পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি রোববার সকাল-সন্ধ্যা শিথিল করা হলেও পাল্টা অবরোধের কারণে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, সোমবার থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের অবরোধ চলবে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। দুর্গম এলাকা হওয়ায় এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে শনিবার সাজেকের মাচলং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙামুড়া এলাকায় প্রায় দেড় ঘণ্টা গোলাগুলি হয়। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
তবে গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উভয় পক্ষ। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, তাদের কেউ এ ধরনের গোলাগুলিতে জড়িত নন। একইভাবে জেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমাও তাদের দলের কারও জড়িত থাকার অভিযোগ নাকচ করেছেন।
সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা জানান, ঝুরঝুরি ছড়া ও পাশের লাঙ্গলমারা সীমান্ত এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, লাঙ্গলমারা এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। পরে গোলাগুলি থেমে যায়। অবরোধের কারণে সাজেক সড়কে কয়েকটি হালকা যানবাহন চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করেনি বলে জানান তিনি।
অবরোধে যান চলাচল ব্যাহত
পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ রোববার ছিল ১১তম দিনে। এদিন কর্মসূচি সকাল-সন্ধ্যা শিথিলের ঘোষণা দেওয়া হলেও পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ব্যানারে খাগড়াছড়ির আরেকটি সংগঠন পাল্টা অবরোধ ডাকায় সড়কে স্বাভাবিক যান চলাচল সম্ভব হয়নি। কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন প্রায় বন্ধ ছিল।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের নেতা বাবুধন চাকমা ও নতুনজয় চাকমা জানান, সোমবার থেকে সাজেক পর্যটন সড়কে আগের মতো অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক