একই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, চালু হচ্ছে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ বিকাল
  • ১০১৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আগামী বছরের জুলাইয়ে আইআইপিএস চালুর লক্ষ্য; সহজ হবে টাকা স্থানান্তর, রেমিট্যান্স বিতরণ ও ডিজিটাল লেনদেন

দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে চালু করা হচ্ছে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস)। আগামী বছরের জুলাইয়ে ব্যবস্থাটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ ব্যবস্থা চালু হলে গ্রাহকরা যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে তাৎক্ষণিকভাবে অর্থ লেনদেন করতে পারবেন। ফলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা পাঠাতে আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা কমবে। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় যুক্ত করার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে কারিগরি সহায়তা দেবে গেটস ফাউন্ডেশন। প্ল্যাটফর্মটি তৈরিতে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এক প্ল্যাটফর্মে সব ধরনের লেনদেন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই আইআইপিএসের মূল উদ্দেশ্য। এটি চালু হলে গ্রাহকরা নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বরং অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

তিনি জানান, নতুন ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

বিদ্যমান ব্যবস্থার সীমাবদ্ধতা কাটানোর উদ্যোগ

দেশে আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেনের জন্য ২০১২ সাল থেকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন করা যায়।

তবে বিদ্যমান অবকাঠামোতে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই ব্যবস্থায় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, এমএফএস প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল না নেওয়ার নির্দেশনাও ছিল।

তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওই ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

সিরাজুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কার্যকর না হওয়ায় আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলার প্রয়োজন দেখা দিয়েছে। আইআইপিএসের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার আশা করছে বাংলাদেশ ব্যাংক।

রেমিট্যান্স পাঠানো ও বিতরণেও সুবিধা

নতুন প্ল্যাটফর্মটি শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেন নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও ভূমিকা রাখতে পারে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব কিংবা মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে। এতে নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকেরা অংশ নেন।

পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

তবে আন্তঃসীমান্ত লেনদেন কার্যকর করতে আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তির ব্যবস্থা এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।

কমবে নগদ অর্থ ব্যবস্থাপনার ব্যয়

আইআইপিএস চালু হলে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। অন্যদিকে সরকার বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।

সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ও কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসার ঘটলেও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্কের অভাবে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।

নতুন এ ব্যবস্থা চালুর মাধ্যমে সেই প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তিগত নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আস্থার ওপর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad