জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনভিত্তিক সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ কিংবা সহিংসতায় উসকানি দেওয়ার কাজে ভারতের ভূখণ্ড ব্যবহার বন্ধে নয়াদিল্লিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ দেওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশাকে সম্মান করা।
আল জাজিরায় প্রকাশিত নিবন্ধে মুশফিকুল ফজল আনসারী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। হাজারো আহত মানুষ এখনো চিকিৎসা ও পুনর্বাসনের চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। এসব ঘটনার জন্য দায়ীদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার।
জাতিসংঘের প্রতিবেদনে ১ হাজার ৪০০ মৃত্যুর তথ্যনিবন্ধে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। এ ছাড়া আহত হন হাজার হাজার মানুষ।
প্রতিবেদনে তৎকালীন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সহিংসতায় জড়িত অংশগুলোর পরিকল্পিত দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়। বিক্ষোভ দমনে প্রাণঘাতী সহিংসতা ব্যবহারের সরকারি নীতির কথাও উল্লেখ করা হয়। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে কি না, তা আরও তদন্তের প্রয়োজন বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল।
নিবন্ধে বলা হয়, জাতিসংঘের এসব পর্যবেক্ষণ ছিল অনুসন্ধান ও তথ্য-প্রমাণভিত্তিক মূল্যায়ন, কোনো ফৌজদারি আদালতের চূড়ান্ত রায় নয়। পরবর্তী সময়ে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ায় ব্যক্তিগত দায়দায়িত্ব নির্ধারণের বিষয়টি সামনে আসে। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
প্রত্যর্পণের অনুরোধে ভারতের ভূমিকানিবন্ধে বলা হয়, শেখ হাসিনা বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও তাতে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব হতে পারে না। তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে তিনি এখনো ভারতে অবস্থান করছেন।
লেখকের মতে, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ার এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ও উপকারী ছিলেন। এ কারণে নয়াদিল্লি তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে অনাগ্রহী হতে পারে। তবে তাকে আশ্রয় দেওয়া আর ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ দেওয়ার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
নিবন্ধে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছিল, নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দিয়ে শেখ হাসিনা আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশ্যে সহিংসতায় উসকানি দিচ্ছেন।
ক্রিস্টিন ফেয়ার প্রশ্ন তুলেছেন, ভারত অতীতে দালাই লামা ও অং সান সু চির মতো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য ও কর্মকাণ্ডে সংযম প্রদর্শনে প্রভাবিত করতে পারলেও শেখ হাসিনার ক্ষেত্রে কেন একই ধরনের পদক্ষেপ নিতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে। এর পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ভূমিকা রাখতে পারে বলেও তিনি মত দিয়েছেন।
প্রত্যর্পণ চুক্তির আইনি দিকশেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আইনি দিক তুলে ধরে নিবন্ধে বলা হয়, চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতা থেকে হত্যা, হত্যায় প্ররোচনা এবং এ-সম্পর্কিত কয়েকটি অপরাধকে বাদ দেওয়া হয়েছে। তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য আইনি কারণ ও সুরক্ষাব্যবস্থার বিষয়ও বিবেচনায় আসতে পারে।
লেখকের মতে, শেখ হাসিনার রাজনৈতিক পরিচয় কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পদমর্যাদা তাকে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিতে পারে না। বাংলাদেশের অনুরোধটি রাজনৈতিক বিবেচনার পরিবর্তে আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা উচিত।
ভারতের প্রতি বাংলাদেশের বার্তা স্পষ্ট করার আহ্বাননিবন্ধে বাংলাদেশের সরকারকে ভারতের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয় ভূখণ্ড যেন বাংলাদেশের অভ্যন্তরে সহিংসতায় উসকানি, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার কাজে ব্যবহৃত না হয়, সে বিষয়ে নয়াদিল্লির কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
লেখক বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে বাংলাদেশকে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অধিকার এবং সহিংসতায় উসকানির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখা জরুরি।
তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায়, তাহলে দেশটির জনগণের গণতান্ত্রিক রায় ও সাম্প্রতিক রক্তক্ষয়ী অভিজ্ঞতার প্রতি সম্মান দেখাতে হবে। একজন সাবেক সরকারপ্রধানকে জবাবদিহির বাইরে রেখে সুরক্ষা দেওয়ার চেষ্টা দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়াতে পারে।
নিবন্ধের শেষাংশে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় ব্যক্তিগত দায়ের ভিত্তিতে আইনি জবাবদিহির মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সব বৈধ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই গণতন্ত্রের জন্য মানুষের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সম্ভব।
লেখক: মুশফিকুল ফজল আনসারী, বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনভিত্তিক সাবেক সাংবাদিক।
তথ্যসূত্র: আল জাজিরা; লেখকের নিবন্ধ।

প্রথম দর্পণ,ডেস্ক