দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের পরিবারের ওপর সশস্ত্র হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
বুধবার (১১ নভেম্বর) অনলাইন এডিটরস সোসাইটির সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়।
সংগঠনটির নেতারা বলেন, একজন গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতা অত্যন্ত ন্যক্কারজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তার পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।
অনলাইন এডিটরস সোসাইটির নেতারা অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হামলার শিকার রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সব গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

প্রথম দর্পণ,ডেস্ক