সাফের ফাইনালে ওঠার স্বপ্নে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ দুপুর
  • ৮৬৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে সেমিফাইনালে মাঠে নামছে দলটি, শিরোপা জয়ের প্রত্যয় গোলরক্ষক ইউসুফ বাটের

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখনো ফাইনালে খেলার সুযোগ পায়নি পাকিস্তান। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামছে দলটি। জয় পেয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার পাশাপাশি শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল সামনে রেখে গতকাল শুক্রবার নিজেদের লক্ষ্যের কথা জানান পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। তাঁর মতে, দলের কাছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন। পাশাপাশি আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বেও ভালো করার প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে দেখছে পাকিস্তান।

ইউসুফ বাট বলেন, ‘আমাদের কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট সাফ। আর আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বও রয়েছে। সাফ জেতাই দলের বড় লক্ষ্য। আশা করি, আমরা ইতিহাস গড়তে পারব এবং এবার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারব।’

হামজাকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই পাকিস্তানের

বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা থাকলেও তাঁকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা করছে না পাকিস্তান। ইউসুফ বাটের দাবি, প্রতিপক্ষের কোনো একজন খেলোয়াড়কে নয়, পুরো দলকেই গুরুত্ব দিচ্ছে তারা।

তিনি বলেন, ‘হামজা কিংবা অন্য কাউকে নিয়ে আমরা ভাবছি না। হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হয়। তবে আমাদের দলে আব্দুল্লাহ ইকবাল, ঈসা সুলিমান, আদিল নবি ও আব্দুল আরশাদ রয়েছে। আমি মনে করি, তারা (হামজা-ফারহানরা) দুর্দান্ত খেলোয়াড়। তবে আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’

বাংলাদেশ ও পাকিস্তান—দুই দলেই বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ইউসুফের বক্তব্য, ব্যক্তিগত দ্বৈরথের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান।

তিনি বলেন, ‘আবারও বলছি, আমাদের সব ভাবনা প্রতিপক্ষ দলকে নিয়ে। কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেব। আশা করি, সেটাই যথেষ্ট হবে।’

ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার প্রত্যাশা

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি ভারতের বিপক্ষে আবারও মাঠে নামার প্রত্যাশা জানিয়েছেন পাকিস্তানের এই গোলরক্ষক। আগের ম্যাচে ভারতের বিপক্ষে নিজেদের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় ফাইনালে সেই ম্যাচের পুনরাবৃত্তি এড়াতে চায় দলটি।

ইউসুফ বাট বলেন, ‘আশা করি ফাইনালে ভারতের সঙ্গে ফের দেখা হবে। ভারতের বিপক্ষে আবার খেলতে চাই। কারণ আমাদের জন্য গত ম্যাচটি খারাপ গেছে।’

এদিকে সাফের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে জয়ই এখন পাকিস্তানের প্রধান লক্ষ্য। অন্যদিকে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলের মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে শেষ পর্যন্ত কার স্বপ্ন পূরণ হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad