পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে একটি দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়কের স্বীকৃতি পেয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের হয়ে টস করতে নেমে এই রেকর্ড গড়েন সূর্যবংশী। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। ২০২৫ সালে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সূর্যবংশী প্রায় দুই বছর কম বয়সে মাঠে নেমে সেই রেকর্ড ভেঙে দেন।
সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকায় যারাটি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকায় সূর্যবংশীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাক ভুকুসিচ। তৃতীয় স্থানে পাকিস্তানের তাইমুর আলী। ২০০৯ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে কোয়েটা বিয়ার্সের নেতৃত্ব দেওয়ার সময় তার বয়স ছিল ১৭ বছর ৩৫৮ দিন।
চতুর্থ স্থানে রয়েছেন তানজানিয়ার লক্ষ বারকানিয়া। কেনিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে টস করতে নামার সময় তার বয়স ছিল ১৮ বছর ৫ দিন। পঞ্চম স্থানে ফ্রান্সের নোমান আমজাদ। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৮ বছর ২৪ দিন।
অধিনায়কত্বে স্বপ্নপূরণ, ব্যাট হাতে হতাশাবিহারের অধিনায়কত্ব পাওয়াকে নিজের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন সূর্যবংশী। টসের পর তিনি বলেন, বিহারকে নেতৃত্ব দেওয়া তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ।
তবে রেকর্ড গড়ার দিনে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি ১৫ বছর বয়সী এই ওপেনার। ১২ বলে ১৮ রান করে ইনিংসের পঞ্চম ওভারে চেতন সাকারিয়ার বলে আউট হন তিনি।
গত সপ্তাহে সৈয়দ মুশতাক আলী ট্রফির জন্য বিহারের দল ঘোষণার সময় তাকে অধিনায়ক করা হয়। তবে টুর্নামেন্টের সব ম্যাচে তিনি নেতৃত্ব দেবেন না। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া রাইজিং স্টারস এশিয়া কাপে অংশ নিতে শিগগিরই বিহার দল ছাড়বেন তিনি।
নেতৃত্ব নিয়ে আগেই উঠেছিল প্রশ্নএর আগে চলতি বছরের শুরুতে দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সূর্যবংশী। ওই দলের অধিনায়ক ছিলেন ঈশান কিষান। তবে এত অল্প বয়সে তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছিল।
ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও মনে করেন, সূর্যবংশীর জন্য নেতৃত্বের দায়িত্ব কিছুটা আগেভাগেই দেওয়া হয়েছে। রেডিটে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছিলেন, দুলীপ ট্রফিতে সহ-অধিনায়ক হওয়ার আগে সূর্যবংশীর আরও বেশি লাল বলের ক্রিকেট খেলা প্রয়োজন। ধাপে ধাপে এগিয়ে যাওয়াই তার জন্য ভালো হবে।
তবে বয়সের বাধা পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আগেই ঘরোয়া টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ে আলোচনায় উঠে এসেছেন বৈভব সূর্যবংশী। এখন তার সামনে চ্যালেঞ্জ—এই রেকর্ডের পাশাপাশি ব্যাটিং ও নেতৃত্বেও ধারাবাহিকতা ধরে রাখা।

প্রথম দর্পণ,ডেস্ক