মন্ত্রিত্বে সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না: মঞ্জু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ দুপুর
  • ৯৫২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নিজস্ব রাজনৈতিক জোট গঠনে ব্যর্থতা, ইসলামপন্থীদের এক বাক্সে আনার উদ্যোগ ভেস্তে যাওয়া এবং বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার কয়েকজন সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় থাকা জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে উল্লেখযোগ্য অবদান চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মজিবুর রহমান মঞ্জু এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচনপূর্ব সময়ে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে আনার উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি করেছিল। ব্যক্তিগতভাবে তিনি এ উদ্যোগকে উৎসাহিত ও সমর্থন করেছিলেন। একই সঙ্গে বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলোর জোট, ইসলামপন্থীদের পৃথক জোট এবং অধিকারভিত্তিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে থাকা মধ্যপন্থী দলগুলোর আলাদা জোট গঠনের প্রত্যাশা ছিল।

মঞ্জু জানান, এ লক্ষ্য নিয়ে এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চভুক্ত ছয়টি দল—নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ভাসানী জনশক্তি পার্টি—মিলে নয়টি দলের মধ্যে একাধিক বৈঠক হয়েছিল।

তবে ওই জোট গড়ে না ওঠার পেছনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের দুর্বলতা, জোনায়েদ সাকির নির্বাচনী সুযোগ কাজে লাগানোর মনোভাব এবং নুরুল হক নুর ও রাশেদ খানের অতিরিক্ত কৌশলী আচরণকে দায়ী করেন তিনি।

মঞ্জু বলেন, জোট গঠনের জন্য তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ুম ও জেএসডির স্বপনও তাকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উদ্যোগটি সফল হয়নি।

তিনি আরও জানান, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ও টিকিয়ে রাখা সম্ভব হয়নি। এ ঘটনায় হাসনাত কাইয়ুম ক্ষুব্ধ হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামপন্থীদের ঐক্যের সুযোগ নষ্ট

ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার উদ্যোগ সফল না হওয়ায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সুযোগ হাতছাড়া হয়েছে বলে মনে করেন মঞ্জু।

তার ভাষ্য, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আসন ভাগাভাগির বিরোধে সেই সম্ভাবনা নষ্ট হয়ে যায়।

বিএনপির জোট নিয়েও প্রশ্ন

মঞ্জুর মতে, মধ্যপন্থী দলগুলোর পৃথক জোট গঠনের স্বপ্নও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বিএনপি গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলামসহ কয়েকটি দলকে নিয়ে মিশ্র রাজনৈতিক জোট গঠন করে ক্ষমতায় গেছে।

তবে এসব দলকে জোটে যুক্ত করার কারণে বিএনপির রাজনৈতিকভাবে কতটা লাভ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এসব দলকে সঙ্গে না নিলেও বিএনপি দুই-তৃতীয়াংশ সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারত।

এ প্রসঙ্গে জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের মন্ত্রিত্ব এবং সংসদীয় ভূমিকার উল্লেখযোগ্য কোনো অবদান এখন পর্যন্ত চোখে পড়ছে না বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান।

চার ধারার রাজনীতির প্রস্তাব

জুলাই-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে চারটি পৃথক রাজনৈতিক ধারা গড়ে উঠলে তা দেশের জন্য ইতিবাচক হতো বলে মনে করেন মঞ্জু।

তিনি বলেন, বিএনপির পুরোনো রাজনৈতিক মিত্রদের নিয়ে একটি জোট, ইসলামপন্থী দলগুলোর এক বাক্সের জোট, মধ্যপন্থী দলগুলোর জোট এবং বামপন্থীদের বাম গণতান্ত্রিক জোট—এই চার ধারায় রাজনৈতিক সমীকরণ তৈরি হলে দেশের রাজনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতো।

এ ছাড়া গুম, খুন, লুটপাট ও গণহত্যার যথাযথ বিচার এবং জুলাই সংস্কার কার্যক্রম সম্পন্ন করার পর জাতীয় পুনর্মিলন বা রিকনসিলিয়েশনের মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলে বাংলাদেশ নতুন রাজনৈতিক অধ্যায় ও সংস্কৃতিতে প্রবেশ করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad