দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান সুসংহত করা এবং সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সাংগঠনিক ও নীতিগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ সাড়ে আট দশকের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো দলটির গঠনতন্ত্রে বড় ধরনের সংস্কারের চিন্তা করা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞ ও পেশাজীবীদের নিয়ে একটি স্বতন্ত্র উপদেষ্টা পরিষদ গঠনের পরিকল্পনা রয়েছে। এ পরিষদে যুক্ত হওয়ার ক্ষেত্রে দলের শপথধারী সদস্য বা ‘রুকন’ হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।
সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ প্রস্তাবে নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। গঠনতন্ত্র সংশোধন কমিটির পর্যালোচনা ও সুপারিশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্রের ভাষ্য, আধুনিক রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কেবল দলীয় কাঠামোর ওপর নির্ভর করতে চায় না জামায়াতের নেতৃত্ব। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের পরামর্শ নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
রুকন না হয়েও যুক্ত হওয়ার সুযোগঐতিহ্যগতভাবে জামায়াতের নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালিত হয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার মাধ্যমে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, এসব গুরুত্বপূর্ণ ফোরামে যুক্ত হওয়ার ক্ষেত্রে রুকন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ফলে বাইরের পেশাজীবী ও বিশেষজ্ঞদের সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ সীমিত।
নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে সেই প্রচলিত কাঠামোর বাইরে থেকে বিভিন্ন খাতের দক্ষ ব্যক্তিরা জামায়াতের আমিরকে পরামর্শ দিতে পারবেন। সাবেক বেসামরিক ও সামরিক কর্মকর্তা, সচিব, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের এ পরিষদে অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি কমিটি কাজ করছে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের বিষয়টি ওই কমিটিতে আলোচনা হয়েছে।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল জুবায়ের যুগান্তরকে বলেন, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি এ নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে জামায়াতের আমিরকে পরামর্শ দেওয়ার জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা রয়েছে।
দুর্বল খাতগুলোতে গুরুত্বজামায়াতের সাংগঠনিক সূত্রগুলোর দাবি, ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ কয়েকটি পেশাজীবী খাতে দলটির সাংগঠনিক অবস্থান তুলনামূলক দুর্বল। এসব ক্ষেত্রে গ্রহণযোগ্যতা ও সম্পৃক্ততা বাড়াতে নতুন করে কাজ শুরু করেছে দলটি।
এরই অংশ হিসেবে সম্প্রতি যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের ৫০০ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি এতে অংশ নেওয়ার কথা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।
এ ছাড়া দলটির ছায়া মন্ত্রিসভায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর ভাষ্য, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম পর্যালোচনা, ভুলত্রুটি চিহ্নিত করা এবং ভবিষ্যতে জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংশ্লিষ্ট সমস্যাগুলোর টেকসই সমাধান খুঁজতে বিশেষজ্ঞরা কাজ করছেন।
সংশোধনের জন্য প্রয়োজন একাধিক পর্যায়ের অনুমোদনদলীয় সূত্র জানায়, জামায়াতের গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়ায় কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট উপকমিটির সুপারিশ কেন্দ্রীয় নির্বাহী পরিষদে উত্থাপন করা হবে। এরপর কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদন প্রয়োজন হবে। সবশেষে রুকন সম্মেলনে সংশোধনী প্রস্তাব পাস করতে হবে।
দলটির রুকনের সংখ্যা প্রায় সোয়া লাখ হওয়ায় কেন্দ্রীয়ভাবে সম্মেলন আয়োজন করা কঠিন হলে বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে সংশোধনী অনুমোদনের বিষয়টিও বিবেচনায় আসতে পারে।
সব মিলিয়ে রাজনৈতিক ও সাংগঠনিক পরিসর বিস্তৃত করা, পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়ানো এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতা তুলে ধরার লক্ষ্যেই জামায়াতের এ উদ্যোগ। তবে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদ কতটা স্বাধীনভাবে কাজ করবে এবং গঠনতন্ত্রে কী ধরনের পরিবর্তন আসবে, তা নির্ভর করছে সংশোধন কমিটির চূড়ান্ত সুপারিশ ও দলীয় অনুমোদনের ওপর।

প্রথম দর্পণ,ডেস্ক