সলঙ্গায় নদীর পাড়ের সরকারি গাছ উধাও, মুন্টু মাস্টারের বিরুদ্ধে অভিযোগ
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় স্বরসতি নদীর পাড়ের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, চরিয়া শিকার উত্তরপাড়া গ্রামের মুন্টু মাস্টার নামে এক ব্যক্তি স্বরসতি নদীর পাড়সংলগ্ন সরকারি জায়গার ৭টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করেন। রবিবার (৩ মে) সকালে একই গ্রামের কুরান মণ্ডলের ছেলে আশরাফ আলী প্রায় ২০ হাজার টাকায় গাছগুলো কিনে কেটে ফেলেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে গাছের ডালপালা ফেলে রেখে তিনি সেখান থেকে চলে যান।
সরেজমিনে দেখা যায়, গাছগুলো চরিয়া শিকার মৌজার ১৬৫৯ দাগের ২৯ শতক জমিতে অবস্থিত, যা চরিয়াশিকার উত্তরপাড়া নদীরদ্বারে জামে মসজিদের নামে ওয়াকফ করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
মসজিদের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, “মুন্টু মাস্টার খাস জায়গা থেকে গাছ কেটে বিক্রি করছেন। আমরা আগে বাধা দিলেও পরদিন এসে দেখি গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা একটি খড়ির ভ্যান আটক করেছি। আমরা চাই এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি গাছ কাটার মামলা হোক।”
গ্রামের মুসল্লি মোর্শেদ আলী অভিযোগ করে বলেন, “এই জায়গাটি মসজিদের নামে ওয়াকফকৃত। কিন্তু মুন্টু মাস্টার জোরপূর্বক সেখান থেকে গাছ কেটে নিয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে অভিযুক্ত মুন্টু মাস্টারের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
হাটিকুমরুল ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা সুফল কুমার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নথিভুক্ত করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মোঃ জাকির হোসাইন,