মানবাধিকার নিশ্চিতে নতুন আইনে এলিট ফোর্স থাকবে, র্যাব বহালের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকা, ১৮ মে : জননিরাপত্তা নিশ্চিতে দেশে একটি এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করে নতুন আইনের আওতায় এলিট বাহিনী হিসেবে র্যাবকে বহাল রাখা বা নতুন নামে পুনর্গঠনের বিষয়টি সরকার বিবেচনা করছে।
সোমবার (১৮ মে) র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে র্যাব একটি অ্যাডহক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে উপযুক্ত নয়। এজন্য বাহিনীটির জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে মানবাধিকার সমুন্নত রেখে একটি এলিট ফোর্স পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, র্যাবের নাম পরিবর্তন করা হবে কি না কিংবা নতুন কোনো এলিট বাহিনী গঠন করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন, সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানের দায় পুরো বাহিনীর নয়, বরং দায় ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
তিনি বলেন, “আইনের বাইরে যেসব কর্মকাণ্ড হয়েছে, সেগুলোর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তার দায় প্রতিষ্ঠান নয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কাঠামো ও জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক