স্থানীয় সরকার নির্বাচন বড় চ্যালেঞ্জ, রক্তপাতহীন ভোট চায় ইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সহিংসতামুক্ত ও রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (এএনএফআরইএল) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। তবে স্থানীয় পর্যায়ের নির্বাচনে সহিংসতার আশঙ্কা তুলনামূলক বেশি থাকায় এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসি।
তিনি বলেন, “স্থানীয় নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আমরা রক্তপাতহীন নির্বাচন উপহার দিতে চাই।”
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং তারা দেশের মঙ্গল চায় বলেই নির্বাচন কমিশনের বিশ্বাস। সুষ্ঠু নির্বাচন আয়োজনেও সরকারের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে নির্বাচন পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জ থাকবেই বলেও মন্তব্য করেন সিইসি।
সংবাদ সম্মেলনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, বিশ্বের কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত নয়। তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বিবেচনায় সাম্প্রতিক নির্বাচন ছিল তাৎপর্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক।
তিনি বলেন, “ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতির ইতিবাচক দিক।”

প্রথম দর্পণ,ডেস্ক