রামিসা হত্যাকাণ্ডে দ্রুত বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় রামিসা হত্যাকাণ্ডসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রো-অ্যাকটিভভাবে কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং স্বল্প সময়ের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে এবং বিচারিক প্রক্রিয়াও স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা চলছে।
বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতা রয়েছে—এমন ধারণা সঠিক নয়। অনেক সময় আদালত সংশ্লিষ্ট প্রক্রিয়ার কারণে বিচার সম্পন্ন হতে বিলম্ব হয়। তনু হত্যাকাণ্ডসহ বিভিন্ন আলোচিত মামলাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময়কাল মাত্র তিন মাস হওয়ায় কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগছে। আইন সংস্কারের কাজ চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আইনে সংশোধনী আনা হবে। তবে দ্রুত বিচারের নামে যেন কোনো অবিচার না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
তিনি বলেন, জনগণের ক্ষোভ প্রশমনে তাৎক্ষণিক আইন প্রণয়ন সবসময় কার্যকর সমাধান নাও হতে পারে।
এর আগে সকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, মাগুরার আছিয়া ও ঢাকার রামিসার মতো ঘটনা দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এ ধরনের অপরাধ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা গেলে রামিসার পরিবারের কাছে জবাবদিহি করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। তবে বিচারিক প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই এবং চূড়ান্ত রায় কার্যকর করার বিষয়টি সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক