ঝিনাইদহে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রেজার বিরুদ্ধে থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে ফ্যামিলি জোন মিলনায়তনে যান এনসিপি নেতা তারেক রেজা। এ সময় সদর থানা পুলিশের একটি দল, সাদা পোশাকে বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার ঝিনাইদহ সদর থানায় তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পরদিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা দায়ের করেন। সেই মামলায় তারেক রেজাসহ ২২ জনকে আসামি করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক