বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে: এটিএম আজহারুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা দেখিয়ে মূলত আওয়ামী লীগের পথ অনুসরণ করছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোও তারা ভুলে গেছে।
মঙ্গলবার সকালে রংপুরের বদরগঞ্জে এক কর্মীসভায় পৌর মেয়র প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপির বর্তমান আচার-আচরণ দেখে মনে হয় না তারা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে রয়েছে। বরং তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হচ্ছে, তারা প্রকৃত অর্থে নির্বাচন চায় না। বিনা ভোটে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন সিটি করপোরেশন, জেলা পরিষদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে তারা নির্বাচনী ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে।
অনুষ্ঠানে বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানকে বদরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশে এটিএম আজহারুল ইসলাম বলেন, সামনে আমাদের পথ সহজ নয়। নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। তাই আসন্ন পৌরসভা, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি এলাকায় দলীয় প্রার্থী ঘোষণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে এবং দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সংসদ সদস্য নয়, স্থানীয় উন্নয়নে চেয়ারম্যান ও মেয়রদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা পর্যন্ত দলীয় প্রার্থী বিজয়ী করতে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
দুর্নীতির প্রসঙ্গ তুলে জামায়াতের এ নেতা বলেন, বর্তমানে দেশের প্রধান সমস্যা দুর্নীতি। প্রতিটি স্তরে দুর্নীতি বিস্তার লাভ করেছে। বিএনপি সেই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশের ভবিষ্যৎ আরও সংকটের মুখে পড়বে।
চাঁদাবাজির অভিযোগ তুলে এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে চাঁদাবাজি বেড়ে গেছে। কোরবানির পশুবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন সড়ক-মহাসড়কেও চাঁদাবাজি হচ্ছে। এর প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়ছে। জনগণ আশা করেছিল বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি ও চাঁদাবাজি কমবে, কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি যদি এভাবে প্রতিশ্রুতি ভুলে আওয়ামী লীগের পথ অনুসরণ করতে থাকে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সরকারকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্বশীলভাবে দেশ পরিচালনার আহ্বান জানান তিনি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হওয়ারও হুঁশিয়ারি দেন জামায়াতের এ নেতা।
সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল গনি এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

প্রথম দর্পণ,ডেস্ক